বরিশালে মহিউদ্দিন রনি, কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং সিয়াম ওরফে ন্যাভাইসহ মোট ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি দায়ের করেন। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ১৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে হাসপাতালের মাঝের গেটের সামনে অধ্যক্ষ, পরিচালক, ডাক্তার, নার্স ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। এসময় অভিযুক্তরা চাপাতি, এসএস পাইপ, হকিস্টিক, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
হামলায় পরিচ্ছন্ন কর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মন্ডল, অফিস সহায়ক পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা ও লিফটম্যান শাকিল আহত হন। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালেই ভর্তি করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Post a Comment